জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণের পরদিন বুধবার গভীর রাতে ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তাদের প্রার্থীরা বিজয়ী হন।


ভিপি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। একই সঙ্গে জিএস পদে ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৭৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা ৫ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন; বিপরীতে আতিকুর রহমান তানজিলের প্রাপ্ত ভোট ৪ হাজার ৭৫।
এই ফলাফলের মাধ্যমে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর পর জকসুতেও ধারাবাহিক সাফল্য ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পুনরায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যায় গণনা শুরু হলেও কিছু জটিলতার কারণে তা সাময়িকভাবে স্থগিত থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু হয়ে বুধবার ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ।
এবারের নির্বাচনে মোট চারটি প্যানেল অংশ নেয়। মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলগুলোর মধ্যে। ছাত্রদের জন্য আলাদা হল না থাকায় একমাত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *