ঝালকাঠি-১ আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচনী উঠান বৈঠকে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুর এলাকায় অনুষ্ঠিত ওই সভায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বিভিন্ন উদাহরণ টেনে ভোটের আহ্বান জানান।বক্তব্যে তিনি বলেন, কেউ যদি দৈনন্দিন অভ্যাসের অংশ হিসেবে বিড়িতে সুখটান দিতেও দিতেও দাঁড়িপাল্লার পক্ষে ভোটের কথা বলেন, তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। তার মতে, এমনও হতে পারে যে কেউ জীবনে কখনো নিয়মিত ইবাদতের সুযোগ পাননি, কিন্তু সাধারণ কথাবার্তার মধ্যেই যদি তিনি দাঁড়িপাল্লার দাওয়াত দেন, তাহলে আল্লাহ তার আগের ভুলগুলো মাফ করে দিতে পারেন এবং তাকে ভালো পথে পরিচালিত করতে পারেন।পুরুষদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চায়ের দোকান কিংবা আড্ডায় গল্পের ছলে দেশের অবস্থা ও নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলা যেতে পারে। তিনি বলেন, পাঁচ টাকার চা খেয়ে পনেরো টাকার আলোচনা করলেও ভোটের বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।নারীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, পারিবারিক ও প্রতিবেশী আলাপচারিতার সময় একে অপরের সঙ্গে কথা বলার সুযোগকে কাজে লাগিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি তুলে ধরতে। তার ভাষায়, এতদিন শুধু অন্যের কথা শোনা হয়েছে, এখন নিজেদের কথাও অন্যদের শোনানোর সময় এসেছে। তিনি আরও বলেন, অন্তত একবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে পরিবারের নারী সদস্য ও আত্মীয়স্বজনদের ফোন করে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।বক্তব্যটি তার নামসংবলিত একটি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। পরবর্তীতে ভিডিওটির বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে আলোচনা শুরু হয়।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বক্তব্যটিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর ভাষা ও উপস্থাপন নিয়ে সমালোচনা করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *